খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. রফিকুল আলমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার ভাটারা থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল ভাটারা থানা এলাকা থেকে রফিকুল আলমকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে।
রফিকুল আলম দুই দফায় খাগড়াছড়ি পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সহোদর ভাই। তাঁর বিরুদ্ধে হত্যা, ভূমি দখল, মন্দিরের জমি দখল, সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট অন্তত ৪৭টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল আলম দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন বাজারের ইজারা ও টোল আদায়ের নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করে আসছিলেন। গত বছরের ৫ আগস্টের আগেও তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে স্বতন্ত্র পরিচয়ে (মোবাইল ফোন প্রতীক) পৌরসভা নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন। এর আগে ২০১১ সাল থেকে টানা দুই মেয়াদে তিনি পৌর মেয়রের দায়িত্বে ছিলেন।


