আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদে জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সনদের জালিয়াতির কারণে বিদেশে বাংলাদেশের কর্মীদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে, যা শ্রমবাজারে দেশের অবস্থানকে ঝুঁকির মুখে ফেলছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এনএসডিএ-এর এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা।
প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসডিএ একটি কার্যকর কাঠামো তৈরি করেছে। তবে দক্ষতা প্রশিক্ষণের সনদে জালিয়াতি ও প্রতারণার কারণে বিদেশি চাকরিদাতাদের আস্থা নষ্ট হচ্ছে। চাকরিদাতারা যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে দক্ষতা উন্নয়নের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের শ্রমশক্তি নিয়ে আন্তর্জাতিক বাজারে এমন একটি ধারণা তৈরি করতে হবে, যাতে চাকরিদাতারা নিশ্চিতভাবে বলতে পারেন—বাংলাদেশ থেকে আসা কর্মীরা মানসম্মত ও দক্ষ। এক্ষেত্রে সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালুর উদ্যোগ জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
সভায় আরও বলা হয়, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সম্ভাবনা কাজে লাগাতে বেসরকারি উদ্যোক্তাদের আরও স্বচ্ছ ও কার্যকরভাবে যুক্ত করতে প্রয়োজনীয় সমন্বয় জোরদার করা হবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করতে একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সভায় এলডিসি থেকে উত্তরণ পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এনএসডিএ-এর দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে উদীয়মান খাতে স্কিলস গ্যাপ অ্যানালাইসিস, সব উন্নয়ন প্রকল্পকে এনএসডিএ কারিকুলামের আওতায় আনা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের জনবলকে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতির মাধ্যমে জাতীয় দক্ষতা সনদের অন্তর্ভুক্ত করা।
সভায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


