দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী।
গত শুক্রবার প্রকাশ্যে দেখা মেলে তার। রাজধানীতে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এ সময় ক্যামেরায় স্পষ্ট হয় তার বেবি বাম্প। হাঁটা-চলাফেরায়ও স্পষ্ট হয়ে ওঠে তিনি মা হতে চলেছেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে হাসিমুখেই বুবলী বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এসব নিয়ে যখন কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’
বুবলী আরও বলেন, ‘আজ আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’
তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠসূত্র নিশ্চিত করেছে বুবলী অন্তঃসত্ত্বা ও শাকিব খান বাবা হতে যাচ্ছেন। শুক্রবারের ওই আয়োজনে বুবলী মা হতে যাচ্ছেন—এমন কথা অস্বীকার করেননি আবার স্বীকারও করেননি। কৌশলে এড়িয়ে গেছেন অভিনেত্রী।
জানা গেছে, বুবলী শিগগির যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। স্বামী শাকিব খানের পরামর্শে মার্কিন মুলুকেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। মা-বাবা হওয়ার বিষয়টি শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে জানাননি। বিদেশে যাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলী। বলেন, ‘এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।’
আবারও মা হচ্ছেন বুবলী, সন্তান জন্ম দিতে যাচ্ছেন আমেরিকায়


