ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ হয়েছে। মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ সদস্য।
আজ সোমবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেনাবাহিনীর তথ্যমতে, ঢাকায় দু’টি আসন ঝুঁকিপূর্ণ, ডিএমপির মতে কয়টা আসন ঝুঁকিপূর্ণ—জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সেভাবে অ্যানালাইসিস করিনি। আমরা অ্যানালাইসিস করেছি, ঢাকা মেট্রোপলিটনে দুই ধরনের কেন্দ্র থাকবে। একটি হলো গুরুত্বপূর্ণ, আরেকটি হলো সাধারণ। ১ হাজার ১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্র। এ ছাড়া আমরা ৩৭টি ভোটকেন্দ্র চিহ্নিত করেছি, যেখানে ৭ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।’


