Home বান্দরবান গভীর রাতে আগুন, সকালে পোড়া বিএনপির প্রচারণা কার্যালয়—বান্দরবানে চড়ল নির্বাচনী পারদ

গভীর রাতে আগুন, সকালে পোড়া বিএনপির প্রচারণা কার্যালয়—বান্দরবানে চড়ল নির্বাচনী পারদ

নির্বাচনের আবহে পাহাড়ি জনপদে এই আগুন শুধু একটি ঘর পোড়ায়নি—রাজনৈতিক উত্তেজনার পারদও যেন আরও কিছুটা চড়াল। রহস্যের জট খুলবে কি তদন্তে?

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫

Share

কে জ্বালাল আগুন? রহস্যের জট খুলবে কি তদন্তে?

নির্বাচনের মুখে পাহাড়ি শহর বান্দরবানে উত্তাপ ছড়াল গভীর রাতের এক অগ্নিকাণ্ড। পৌর শহরের হাফেজঘোনা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় তিনটা। শহর তখন ঘুমে আচ্ছন্ন। সেই সময়েই আগুন লাগে বিএনপির অস্থায়ী প্রচারণা অফিসে। ভোরের আলো ফোটার পর পোড়া ঘর আর ছাইয়ের স্তূপ চোখে পড়ে দলের নেতাকর্মীদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রাতে কার্যালয়ে অগ্নিসংযোগ করা হলেও ঘটনাস্থলে তখন কেউ উপস্থিত ছিলেন না। ফলে আগুন লাগার কারণ ও জড়িতদের পরিচয় এখনও অজানা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

এদিকে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিএনপি। দলের নেতাকর্মীদের দাবি, নির্বাচন বানচাল করতেই বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

পৌর ওয়ার্ড বিএনপির নেতা আবু সাঈদ বলেন,‘যারা নির্বাচন চায় না, তারাই এই আগুন লাগিয়েছে। আমরা চাই, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’

তবে পুলিশের তরফে এখনই কোনও পক্ষের দিকে আঙুল তোলা হয়নি। বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান,খবর পেয়ে আমরা বিএনপির প্রচারণা কার্যালয় পরিদর্শন করেছি। কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

নির্বাচনের আবহে পাহাড়ি জনপদে এই আগুন শুধু একটি ঘর পোড়ায়নি—রাজনৈতিক উত্তেজনার পারদও যেন আরও কিছুটা চড়াল। রহস্যের জট খুলবে কি তদন্তে?

সর্বশেষ :

আরও পড়ুন: