বান্দরবানে যুবদলের বিরুদ্ধে কেন্দ্র দখল করার প্রস্তুতিকালে এক সাংবাদিককে মারধরের অভিযোগ করেছে বান্দরবান জেলা জামায়াত ইসলামী। অন্যদিকে রাতের বেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে পাড়ার মহিলাদের টাকা বিতরণের পাল্টা অভিযোগ করেছে জেলা যুবদল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কাশেম পাড়া এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি উভয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
এ ঘটনায় জামাল উদ্দীন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি নিজেকে দৈনিক গণবার্তার পৌরসভার প্রতিনিধি হিসেবে দাবি করেছেন। এ ঘটনার পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা পরিদর্শন করেছেন। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের তথ্য অনুযায়ী কাশেম পাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন কেন্দ্র নেই।
এ ঘটনায় জামায়াতের আমির আব্দুছ সালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘কাশেম পাড়া এলাকায় কেন্দ্র দখলের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে সাংবাদিক সেখানে গেলে যুবদলের আরিফ ও বাদশার নেতৃত্বে ওই সাংবাদিকের ওপর হামলা করা হয়। নির্বাচনের আগের রাতে এ ধরনের একটি ঘটনা বান্দরবানের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন নির্বাচনী প্রচারণা চালিয়ে এসেছি, কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছি, যাতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়।’
এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাতের বেলা পাড়ায় গিয়ে দেখি পৌর জামায়াতের আমির হারুনসহ জামায়াত ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে এলাকাবাসী ঘিরে রেখেছে। গিয়ে জিজ্ঞেস করলাম এত রাতে তারা আমাদের পাড়ায় কেন এসেছে। পরে জানতে পারি তারা একটি বাসায় মহিলাদের ডেকে টাকা বিতরণ করছে মানুষ জানতে পেরে তাদের আটকে ফেলেছে। তখন আমি নিজে আমিরকে সেইফ করে এলাকা পার করে দিয়ে আসছি।’
তিনি আরও বলেন, ‘এ সময় জামাল নামে জামায়াতের একজন কর্মী ভিডিও করছিল। তাকে পাড়ার মানুষ ভিডিও কেন করছে জিজ্ঞেস করলে সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়, তখন স্থানীয়দের সঙ্গে তার হাতাহাতি হয়। এলাকাবাসী তাকে জামায়াত কর্মী হিসেবে জানে। সে সাংবাদিক পরিচয় দেয়ায় তাকে উদ্দেশ্য করে ভুয়া বলে চিৎকার চেঁচামেচি করে। একপর্যায়ে পুলিশ এসে তাকে সরিয়ে নেয়।’
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ পারভেজ বলেন, ‘কাশেম পাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি। সেখানে কোনো ভোট কেন্দ্র নেই। পাড়ার ভেতর জামাল উদ্দীন নামে একজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে আমরা গিয়ে ঘটনাস্থলে কাউকে পাইনি।’


