Home ফোকাস রাঙামাটিতে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে, দীপেন দেওয়ান ভোট দিলেন সকালে

রাঙামাটিতে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে, দীপেন দেওয়ান ভোট দিলেন সকালে

এ আসনে ৫২ শতাংশ পাহাড়ি এবং ৪৮ শতাংশ বাঙালি ভোট রয়েছে। এর মধ্যে আবার সংখ্যালঘু ভোটার রয়েছেন ১০ শতাংশ।

রাঙামাটি সংবাদদাতা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১

Share

সকাল সাড়ে ৯টায় রাঙামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

পাহাড়ের বুক চিরে একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে রাঙামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনের সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সকালের কনকনে শীত উপেক্ষা করেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

রাঙামাটির ২১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭০টি কেন্দ্রই অত্যন্ত দুর্গম পাহাড়ে অবস্থিত। এর মধ্যে ২০টি কেন্দ্রে সড়ক বা নৌপথে যোগাযোগ অসম্ভব হওয়ায় গত দুই দিনে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও কর্মীদের পাঠানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর মোতায়েন রয়েছে: সেনাসদস্য: ৩,৪০০ জন, বিজিবি: ৩৭ প্লাটুন, পুলিশ ও আনসার: ৪,৩৬৪ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট: ১২ জন।

রাঙামাটি ২৯৯ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন: অ্যাডভোকেট দীপেন দেওয়ান: বিএনপি (প্রতীক: ধানের শীষ)। মোহাম্মদ আবু বকর ছিদ্দিক: বাংলাদেশ খেলাফত মজলিস (প্রতীক: রিকশা)। অশোক তালুকদার: জাতীয় পার্টি (প্রতীক: লাঙ্গল)। মো. জসিম উদ্দিন: ইসলামী আন্দোলন বাংলাদেশ (প্রতীক: হাতপাখা)। পহেল চাকমা: স্বতন্ত্র (প্রতীক: ফুটবল)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানিয়েছেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুর্গম এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করার পাশাপাশি নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক টহল দিচ্ছে। বাঘাইছড়ি ও সাজেকের মতো প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলোতেও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

এদিকে সকাল সাড়ে ৭টায় রাঙামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন রাঙামাটর আসনের একমাত্র নারী প্রার্থী, কোদাল প্রতীক নিয়ে নির্বাচন করা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা। সকাল ৮টায় শহরের শহীদ আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাসিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় রাঙামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এছাড়াও অন্যান্য প্রার্থীরা তাদের স্ব-স্ব ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন বলে জানা গেছে।

নির্বাচন বিশ্লেষকদের মতে রাঙামাটির এ আসনে ৫২ শতাংশ পাহাড়ি এবং ৪৮ শতাংশ বাঙালি ভোট রয়েছে। এর মধ্যে আবার সংখ্যালঘু (হিন্দু, বড়ুয়া জনগোষ্ঠী) ভোটার রয়েছেন ১০ শতাংশ।

সর্বশেষ :

আরও পড়ুন: