আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসাদের নিয়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় এনসিপি। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটি ১১-দলীয় নির্বাচনী ঐক্য গড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ছয়টি আসনে জয় পেয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই কাউন্সিল করতে যাচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত এনসিপি। ডান, বাম, ইসলামপন্থী ও নৃগোষ্ঠীদের নিয়ে গড়ে ওঠা মধ্যমপন্থী রাজনৈতিক দলটি তাদের পরিসর আরও বড় করতে চলেছে। এ উপলক্ষে ‘বাংলাদেশপন্থী’ বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে শীর্ষস্থানীয় নেতারা আলোচনা করছেন বলে সংবাদ সম্মেলনে জানান আসিফ মাহমুদ।
তিনি বলেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ-বাংলাদেশ) বাংলাদেশপন্থী যেসব প্ল্যাটফর্ম রয়েছে, এনসিপিতে যুক্ত করার জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কাউন্সিল হবে, সেখানে এ বিষয়ে বড় চমক থাকতে পারে বলে ইঙ্গিত দেন এই মুখপাত্র।


