রাঙ্গামাটির লংগদু উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হলুদ বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ (১) মৌসুমি হলুদ উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উপজেলা কৃষি অফিসের মাঠে সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী শামসুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী এবং মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান (বাবু)।
কর্মসূচির আওতায় ৩৫ জন কৃষকের প্রত্যেককে একশ’ কেজি ‘বারি’ জাতের হলুদ বীজ এবং ১০ কেজি সার প্রদান করা হয়।
কৃষি অফিস জানিয়েছে, এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়তা করবে এবং স্থানীয় অর্থনীতি ও বাজার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


