পাহাড়ি উঁচু সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী মিনি ট্রাক। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন চালক মো. আজিজুল ইসলাম (৪৫)। দুর্ঘটনায় ট্রাকের নিচে একটি মোটরসাইকেলও চাপা পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন–এর চন্দ্রঘোনা–বাঙালহালিয়া সড়কের কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম হালুয়াঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধবোঝাই করে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো–ন ১৭–৭১৫৫) বান্দরবান–এর উদ্দেশে যাচ্ছিল। পথে রাইখালীর কারিগরপাড়া এলাকার একটি পাহাড়ি উঁচু সড়কে ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢালে উল্টে পড়ে। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পাহাড়ি ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।
পরে নিহতের মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


