প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
বান্দরবান জেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ০.৫ একরের কম জমির মালিক পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগী পরিবার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


