Home রাঙামাটি জ্বালানি সংকটে রাঙামাটিতে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ চলাচল নিয়েও শঙ্কা

জ্বালানি সংকটে রাঙামাটিতে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ চলাচল নিয়েও শঙ্কা

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকটের কারণে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন উপজেলায় যাতায়াতকারী মানুষ দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে ডিজেল স্বল্পতার কারণে জেলার বিভিন্ন নৌরুটে লঞ্চ চলাচল নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:৫৫

Share

জ্বালানিসংকটে রাঙ্গামাটির নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকটের কারণে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন উপজেলায় যাতায়াতকারী মানুষ দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে ডিজেল স্বল্পতার কারণে জেলার বিভিন্ন নৌরুটে লঞ্চ চলাচল নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে স্পিডবোট ঘাটে গিয়ে দেখা যায়, জ্বালানি তেল—বিশেষ করে অকটেন—না পাওয়ায় কোনো স্পিডবোট চলাচল করছে না। সাধারণত রাঙামাটি শহর থেকে বিভিন্ন উপজেলার উদ্দেশে প্রতিদিন ১২ থেকে ১৫টি যাত্রীবাহী স্পিডবোট চলাচল করে।

স্পিডবোট লাইনের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, কয়েক দিন কোনোভাবে বোটসেবা সচল রাখা গেলেও জ্বালানি তেলের সংকটের কারণে আজ থেকে স্পিডবোট চলাচল বন্ধ রাখতে হয়েছে। তেল সরবরাহ স্বাভাবিক হলে আবারও সেবা চালু করা হবে।

অন্যদিকে ডিজেলের স্বল্পতার কারণে লঞ্চ চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মালিকেরা। লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. মঈনুদ্দিন সেলিম বলেন, বর্তমানে লঞ্চ চলাচলের জন্য কিছু ডিজেল মজুদ আছে। তবে সরবরাহ স্বাভাবিক না হলে ভবিষ্যতে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন একটি লঞ্চ চালাতে প্রায় ১২০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, জ্বালানি তেলের সংকট নিরসনে প্রশাসন কাজ করছে। খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে তেল মজুদ করার অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি নজরদারিতে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

রাঙামাটির ছয়টি উপজেলার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। ফলে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে। এদিকে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। উপজেলার অনেক এলাকায় তেল না থাকায় কৃষি জমিতে সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ :

আরও পড়ুন: