Home রাঙামাটি রুম না পেয়ে সাজেকে রাস্তায়, ঈদের ভিড়ে বিপাকে পর্যটকরা

রুম না পেয়ে সাজেকে রাস্তায়, ঈদের ভিড়ে বিপাকে পর্যটকরা

ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢলে মুখর হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৫

Share

ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢলে মুখর হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। তবে আগাম রুম বুকিং না করে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত ভ্রমণকারী। অতিরিক্ত ভিড়ে রিসোর্ট ও কটেজে কোনো কক্ষ খালি না থাকায় অনেকেই বারান্দা, ক্লাবঘর, স্থানীয়দের বাড়ি, এমনকি খোলা রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির একাধিক সূত্র জানায়, পর্যটনকেন্দ্রটিতে থাকা শতাধিক রিসোর্ট ও কটেজের সব কক্ষই আগে থেকে বুকিং হয়ে গেছে।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, সাজেকে বর্তমানে প্রায় ১১১টি রিসোর্ট-কটেজ রয়েছে এবং ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব কক্ষই শতভাগ বুকড। প্রতিদিনই কয়েক হাজার পর্যটক বিভিন্ন যানবাহনে করে সেখানে পৌঁছাচ্ছেন। আজও প্রায় সাড়ে তিন হাজার পর্যটক সাজেক ভ্রমণ করেছেন।

শুধু আবাসন সংকটই নয়, পরিবহন ব্যবস্থাতেও চাপ পড়েছে। জ্বালানি সংকটের কারণে অনেক যানবাহন চলাচল করতে পারছে না। ফলে অনেক পর্যটক খাগড়াছড়ি পৌঁছে সাজেক যেতে না পেরে ফিরে যাচ্ছেন।

তবে কেউ রুম না পেলে বিকল্প থাকার ব্যবস্থা করার চেষ্টা করছে রিসোর্ট মালিক সমিতি। এই পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টরা পর্যটকদের আগাম রুম বুকিং নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে খাগড়াছড়ি সদরে থেকে ভ্রমণের পরামর্শ দিয়েছেন।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক নিশাত রায় জানান, ছুটির সময়ে বাড়তি ভিড় সামাল দিতে ২৪ ঘণ্টা টহল চালু রাখা হয়েছে এবং জরুরি সেবাও প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: