রাঙামাটির ফিলিং স্টেশনগুলোতে এবার ঘড়ির কাঁটা মেনে চলতে হবে তেলের লাইনে। বিশৃঙ্খলা, কালোবাজারি আর একই ব্যক্তির বারবার তেল নেওয়ার অভিযোগে নাকাল প্রশাসন— অবশেষে কড়া নির্দেশনায় লাগাম টানল জ্বালানি বিক্রিতে।
শনিবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে সপ্তাহকে ভাগ করা হয়েছে দুই ভাগে। শনিবার, সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা শুধু অকটেন, আর রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার একই সময়ে শুধু ডিজেল মিলবে সাধারণ গ্রাহকের কপালে। বিকাল ২টা থেকে ৩টা সরকারি দফতরের জন্য বরাদ্দ। বাকি তেল পরের দিনের জন্য তোলা থাকবে।
হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলছেন, প্রশাসনের নির্দেশই এখন শেষ কথা। আশা করছি, এতে শৃঙ্খলা ফিরবে।
শহরের চারটি পাম্পে মোতায়েন হয়েছে ট্যাগ অফিসার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন জানালেন, সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসন—তিন শক্তি একজোট হয়ে মাঠে নেমেছে সংকট সামলাতে।


