খাগড়াছড়ির মানিকছড়িতে এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজানে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করেছে মৎস্য অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মানিকছড়ির দশবিল এলাকায় এ অভিযান চালানো হয়।
মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানে মানিকছড়ি থানা সহযোগিতা করে।
মৎস্য কর্মকর্তা জানান, নদীর উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের প্রস্তুতির গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে বাঁধ উচ্ছেদ করা হয়। এছাড়া জড়িতদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশি প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীকে হ্যারিটেজ ঘোষণা করে ২০২৫ সালের ৫ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। নদীর স্বাভাবিক ভারসাম্য রক্ষা ও মৎস সম্পদের অভয়াশ্রম তৈরিতে সরকার কাজ করছে।


