Home রাঙামাটি পাহাড়ে রঙের উৎসব, বিজু-সাংগ্রাইয়ের আনন্দে মাতল রাঙামাটি

পাহাড়ে রঙের উৎসব, বিজু-সাংগ্রাইয়ের আনন্দে মাতল রাঙামাটি

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রাঙতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু, সাংলান ও পাতা উৎসবের আনন্দে মুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১০:৪০

Share

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রাঙতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু, সাংলান ও পাতা উৎসবের আনন্দে মুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। প্রতিবছরের মতো এবারও নববর্ষের ১০-১২ দিন আগে থেকেই শুরু হয়েছে আয়োজন, যা নতুন বছর শুরুর পরও চলতে থাকবে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। পরে ফিতা কেটে পাঁচ দিনব্যাপী বর্ষবরণ উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্ষবরণ পার্বত্য চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করে নেয়। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকলে বাংলাদেশও পিছিয়ে থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব এবং দেশে কোনো বৈষম্য থাকবে না। পাশাপাশি পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী আয়োজনে গড়িয়া নৃত্য ও জলকেলিসহ পাহাড়ি সম্প্রদায়ের নানা ঐতিহ্যবাহী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাঁচ দিনব্যাপী মেলায় প্রায় শতাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী হস্তশিল্প, অলংকার, পোশাক ও খাবার। এ ছাড়া রয়েছে ঘিলা খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্রো নাটক, পাজন রান্না প্রতিযোগিতা ও ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনা। মেলা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
এদিকে গত ১ এপ্রিল থেকে তবলছড়ির মাঝেরবস্তী এলাকার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কনসার্ট।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবারের উৎসবে রয়েছে শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নৃত্য, নদীতে ফুল ভাসানো এবং জনপ্রিয় পানি উৎসবসহ নানা কর্মসূচি। সব মিলিয়ে পাহাড়ে এখন বইছে উৎসবের হাওয়া — সম্প্রীতি, সংস্কৃতি আর আনন্দে মুখর হয়ে উঠেছে রাঙামাটি।

সর্বশেষ :

আরও পড়ুন: