পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন হাজারো পাহাড়ি-বাঙালি।
শোভাযাত্রায় চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এ ছাড়া মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লে প্রদর্শনী ছিল আয়োজনে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া তাহের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এবং অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেনসহ পদস্থ কর্মকর্তারা।


