অতিরিক্ত অকটেন না পেয়ে সরকারি ট্যাগ অফিসারকে মারধরের রেশ না কাটতেই খাগড়াছড়িতে ফের উত্তেজনা। এবার ঘটনাস্থল পানছড়ি বাজার — ক্রেতা ও দোকান কর্মচারীর মধ্যে সংঘর্ষে আহত হলেন কমপক্ষে তিন জন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি জ্বালানি তেলের দোকানে শুরু হয় গণ্ডগোল। স্থানীয় রফিকুল ইসলাম (৩০) আগেই তাঁর ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল কিনেছিলেন। কিছুক্ষণ পর তাঁর ভাই সুজন (৩৬) একই দোকানে আরও ৩০ লিটার তেল নিতে এলে দোকানের হেলপার মিজানুর রহমানের (৩৩) সঙ্গে কথা কাটাকাটি বাধে। একপর্যায়ে সুজনের ধাক্কায় মিজানুর তেলের ড্রামের ওপর পড়ে মুখে আঘাত পান।

এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মিজানুর বাইরে গিয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফেরেন এবং রফিকুল ও সুজনের উপর ঝাঁপিয়ে পড়েন। এলোপাতাড়ি মারধরে রফিকুলের মাথা ফেটে যায়, গুরুতর আহত হন দুই ভাইই।
খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।


