Home খেলা ক্রিকেট বোর্ডে সার্কাস চলছে?

ক্রিকেট বোর্ডে সার্কাস চলছে?

বাংলাদেশের ক্রিকেটে মাঠের চেয়ে মাঠের বাইরের নাটকই এখন বেশি আলোচনায়। গত দুই বছরে চারজন সভাপতি দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০২:২১

Share

বাংলাদেশের ক্রিকেটে মাঠের চেয়ে মাঠের বাইরের নাটকই এখন বেশি আলোচনায়। গত দুই বছরে চারজন সভাপতি দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের পর সর্বশেষ বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তামিম ইকবাল। ক্ষমতার এই অবিরাম পালাবদলকে রীতিমতো ‘সার্কাস’ বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

বুলবুল ও খালেদ মাসুদ পাইলটসহ বিসিবির নীতিনির্ধারকেরা গতকাল দুপুরে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকদের কাছে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বুলবুল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে চিত্র সম্পূর্ণ বদলে যায়। বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

যুক্তরাষ্ট্র থেকে এই ঘটনা প্রত্যক্ষ করে ফেসবুকে ভিডিও বার্তা দেন আফতাব। হতাশা আর শ্লেষমাখা কণ্ঠে তিনি বলেন, ‘ভাইরে ভাই। যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২০০০ টাকা খরচ করেও টিকিট কেনেন, আপনার সেই টিকিট বৃথা যাবে না।’

তামিমের অ্যাডহক কমিটির ১১ সদস্যের মধ্যে রয়েছেন তিন মন্ত্রীর সন্তান এবং এক প্রতিমন্ত্রীর স্ত্রী। এই কমিটি গঠন ঘিরে দেশের ক্রিকেট অঙ্গন এখন উত্তাল। আফতাব বলেন, ‘ক্রিকেট তো এখন আর নেই। সার্কাস আছে। সার্কাসটা দেখতে সবার কাছে অনুরোধ।’

দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ক্রিকেটে কাজ করা আফতাব জানান, তিন বছর ধরে সেখানে থেকেও আমেরিকার ক্রিকেট বোর্ডের অবস্থান তার জানা নেই। এটিকে নিজের ব্যর্থতা স্বীকার করে তিনি বোঝাতে চান, ক্রিকেট বোর্ড কতটা নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে, সেটাই আসল বিষয়।

এদিকে বোর্ড ভাঙার ঘটনাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন সাবেক সভাপতি বুলবুল। তিনি বলেন, এনএসসি অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত পর্ষদ ভাঙার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং এই পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের স্বায়ত্তশাসনের টুঁটি চেপে ধরার শামিল। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্রুত হস্তক্ষেপও দাবি করেছেন তিনি।

সর্বশেষ :

আরও পড়ুন: