Home বান্দরবান দুই কমিটির দ্বন্দ্ব মিটল, বান্দরবানে সাংগ্রাইং হবে দুই মাঠে

দুই কমিটির দ্বন্দ্ব মিটল, বান্দরবানে সাংগ্রাইং হবে দুই মাঠে

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:০৭

Share

বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব ঘিরে দুটি পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত গণমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সেই জট কাটল। দুটি পক্ষ এবার আলাদা দুটি স্থানে উৎসব আয়োজন করবে।

গোলমালের শুরু বিএনপির দুই পক্ষের কোন্দলে। বান্দরবানে প্রতিবছর একটি কেন্দ্রীয় উদযাপন কমিটির মাধ্যমে সাংগ্রাইং উৎসব হয়। সরকার বদলের সঙ্গে সঙ্গে কমিটিও বদলায়। এবার হয়েছে দুটি কমিটি। দুটি কমিটিই একই মাঠ — শহরের রাজারমাঠে উৎসব করতে চাওয়ায় শুরু হয় বিরোধ। একাধিক বৈঠকেও মেলেনি সমাধান।

শেষমেশ দায়িত্ব নেন মানবাধিকারকর্মী অং চ মং মারমার নেতৃত্বে মারমা জনগোষ্ঠীর কিছু গণমান্য মানুষ। বৃহস্পতিবার সকালে পুরোনো কমিটির নেতাদের সামনে দুটি প্রস্তাব রাখা হয় — হয় উৎসব আয়োজন থেকে সরে দাঁড়াও, নয়তো আলাদা জায়গায় উৎসব করো। পুরোনো কমিটি দ্বিতীয় প্রস্তাব মেনে নিয়েছে।

সমঝোতা অনুযায়ী নতুন কমিটি রাজারমাঠে এবং পুরোনো কমিটি উজানীপাড়ার সাঙ্গু নদের পাড়ে উৎসব আয়োজন করবে। দুই কমিটি পরস্পরকে সহায়তা করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, পৃথক স্থানে উৎসবের সিদ্ধান্তে সবার অস্বস্তি কেটে গেছে। বোমাং চিফের সঙ্গেও আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি উৎসবেই নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: