Home বান্দরবান পহেলা বৈশাখে লামায় ফিরল হারানো ঐতিহ্য, বলীখেলায় জিতলেন ডুলাহাজারার রমিজ

পহেলা বৈশাখে লামায় ফিরল হারানো ঐতিহ্য, বলীখেলায় জিতলেন ডুলাহাজারার রমিজ

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪

Share

মাটিতে গড়াগড়ি, শরীরে ধুলো, আর দর্শকের উত্তেজিত হুংকার — পহেলা বৈশাখে বান্দরবানের লামায় যেন ফিরে এল গ্রামবাংলার চিরচেনা সেই দৃশ্য। ঐতিহ্যবাহী বলি খেলার আসরে শেষ পর্যন্ত বুক চিতিয়ে চ্যাম্পিয়ন হলেন কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারার রমিজ উদ্দিন।

মঙ্গলবার বিকেলে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত লড়াইয়ে রমিজ উদ্দিনের কাছে হেরে রানার-আপ হন চকরিয়া পৌরসভার মো. বাদশাহ বলি। শ্বাসরুদ্ধকর সেই লড়াই দেখতে মাঠে জড়ো হন হাজারো মানুষ।

বলি খেলার পাশাপাশি সকালে একই মাঠে অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন হয় সদর ইউনিয়নের মেরাখোলা একাদশ, রানার-আপ পৌরসভার নোয়াপাড়া একাদশ।

বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। তিনি বলেন, ‘বলি খেলা ও কাবাডি আমাদের সংস্কৃতির শেকড়। যে জাতি তার শেকড় ভুলে যায়, সে জাতি এগোতে পারে না।’

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ সুজন জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে প্রতিবছরই এই উৎসবের আয়োজন করা হবে।

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ — এই প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে লামার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ :

আরও পড়ুন: