Home রাঙামাটি কাপ্তাইয়ে মারমাদের সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

কাপ্তাইয়ে মারমাদের সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:০০

Share

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটির কাপ্তাইয়ে মারমা সম্প্রদায় উদ্‌যাপন করছে ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব। তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে দুঃখ, গ্লানি ও বেদনা ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায়।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়নের চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি।

সাংগ্রাই জল উৎসব উদ্‌যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘এটি মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এ উৎসবকে ঘিরে এখানে সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের মিলন ঘটেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।’

সাংগ্রাই জল উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেতারশিল্পী সানুচিং মারমা ও সাচিং উ মারমা। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মানুষের সমাগম ঘটে।

জলকেলির পাশাপাশি মঞ্চে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী নাচ ও গানের পরিবেশনায় আগত অতিথিদের মুগ্ধ করেন।

এদিন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনের পাশাপাশি বের করা হয় সাংগ্রাই মহাশোভাযাত্রা।

উৎসবে অংশ নিতে আসা মারমা তরুণ-তরুণীরা বলেন, ‘আজ আমরা সাংগ্রাই উৎসবে এসেছি জল ছিটাতে। পুরোনো বর্ষকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতেই এ আয়োজন। এটি আমাদের প্রাণের উৎসব।’

যদিও ১৫ এপ্রিল মূল সাংগ্রাই জল উৎসব, তবে গত ১৩ এপ্রিল থেকেই বিহার প্রাঙ্গণে বসেছে বৈশাখী মেলা। চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে ব্যবসায়ীরা নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন।

এ ছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক-দায়িকারা বৌদ্ধ পূজা, বৌদ্ধমূর্তি স্নান, বয়স্কদের স্নান করানোসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন।

সর্বশেষ :

আরও পড়ুন: