খাগড়াছড়ির রামগড় উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ছয়টি কক্ষ পুড়ে গেছে। আসবাবপত্র, কম্পিউটার ও শিক্ষার্থীদের নথিপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এলাকাটি তুলনামূলক জনবসতিহীন হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিশান্ত বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ছয়টি কক্ষ পুড়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, ‘প্রধান শিক্ষকের কক্ষসহ কয়েকটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্র, কম্পিউটার ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মেরামত করে পাঠদান শুরু করা হবে।’
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।


