তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ হাজার ৪৬২ জন শিক্ষার্থী। মঙ্গলবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী খাগড়াছড়িতে — ৮ হাজার ৭১ জন। রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ এবং সবচেয়ে কম বান্দরবানে ৩ হাজার ৯৭৪ জন। তিন জেলায় মোট পরীক্ষাকেন্দ্র ৬০টি — রাঙামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ২৪টি ও বান্দরবানে ১৫টি।
চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী এক লাখ ৩০ হাজার ৭২৪ জন। ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ৭ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ব্যবসায় শিক্ষায় ৫১ হাজার ৭৫০ জন, মানবিকে ৪৩ হাজার ৯৮৩ এবং বিজ্ঞানে ৩৪ হাজার ৯৯১ জন।


