পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাঙামাটি শহরের রূপনগর এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রূপনগরেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীরা জানান, কয়েক দশক ধরে শত শত পরিবার এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এই জনপদ তাঁদের কাছে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, পূর্বপুরুষের স্মৃতি ও জীবন-জীবিকার কেন্দ্রও বটে। অথচ কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
বক্তারা বলেন, উচ্ছেদ কার্যকর হলে শিশু, বৃদ্ধ ও নারীসহ শত শত মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হবেন। এতে স্কুলগামী শিক্ষার্থীদের পড়াশোনা এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান মারাত্মক হুমকিতে পড়বে। যথাযথ পুনর্বাসন ছাড়া নাগরিককে আবাসস্থল থেকে সরিয়ে দেওয়া সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী বলেও তাঁরা উল্লেখ করেন।
বাসিন্দারা জানান, তাঁরা উন্নয়নের বিপক্ষে নন। তবে উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে তাঁরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন — অবিলম্বে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো উচ্ছেদ না চালানো, প্রতিটি পরিবারকে সম্মানজনক স্থানে পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা, দীর্ঘদিনের বাসিন্দাদের জমির স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত দেওয়া এবং প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো।
সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান হবি, আব্দুল হালিম, মো. তাজুল ইসলাম তাজ, আলমগীর হোসেন, রওশন আরা বেগম ও মো. সুজনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


