বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে তিন শ্রমিককে অপহরণের পর কয়েক ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া তিন শ্রমিক হলেন নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) ও হাসান (২০)।
পুলিশ জানায়, বুধবার রাত দেড়টায় উপজেলার বাইশারী ইউনিয়নের ‘আবীর রাবার বাগান’-এর স্টাফ কোয়ার্টারে অস্ত্র উঁচিয়ে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। সে সময় বাগানে নারী ও শিশুসহ ১৩ জন অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা তাদের মধ্য থেকে তিন যুবককে তুলে নিয়ে অজ্ঞাত গন্তব্যে চলে যায়।
অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও আশপাশের দুর্গম এলাকায় অভিযান শুরু করে পুলিশ। সন্ধ্যার মধ্যেই তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।


