বান্দরবান জেলা পুলিশ লাইন্স মাঠে বুধবার (২৩ এপ্রিল) ব্যতিক্রমী এক আয়োজন। চাকরিপ্রার্থীদের উৎসাহ দিতে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান। নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম শেষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন ২৩ জন প্রার্থী।
প্রতিযোগিতা শুরু হতেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতায় ক্ষণিকের জন্য পুলিশ লাইন্সের মাঠ হয়ে ওঠে মিনি অলিম্পিকের আসর।
প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের তাৎক্ষণিকভাবে আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার নিজেই।
পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, ‘আমি আশা করি তোমরা খেলাধুলার সঙ্গে থাকবে। যারা খেলাধুলার সঙ্গে থাকে, তারা অবশ্যই মাদক থেকে দূরে থাকে।’ পাশাপাশি চাকরিপ্রার্থীদের আসন্ন লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং সবার সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন তিনি।


