বান্দরবানের লামায় চাঁদাবাজির শিকার এক রাবার বাগান মালিকের গুদামঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের সোলেমান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে বিক্রির জন্য মজুদ রাখা ৮ থেকে ১০ লাখ টাকার রাবার শিট পুড়ে ছাই হয়ে গেছে।
বাগান মালিক মো. ওমর ফারুকের অভিযোগ, এটি হঠাৎ করে ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাসখানেক ধরে তাঁকে একের পর এক হয়রানি করা হচ্ছে।
তাঁর বিবরণ অনুযায়ী, গত ১৩ এপ্রিল তাঁর বাগান থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার রাবার চুরি হয়। একই দিন বিকেলে আজিজনগর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজ আলম মাসুম তাঁর কাছে চাঁদা দাবি করেন। ওমর ফারুক রাজি না হলে ১৫ এপ্রিল ২০ থেকে ৩০ জনের একটি দল প্রকাশ্যে তাঁর ওপর হামলা চালায় এবং এবার দাবি করা হয় ১০ লাখ টাকা।
ওমর ফারুক আরও জানান, গত ৫ আগস্টের পর থেকেই তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। চাপে পড়ে তাঁর বাবা অজান্তে ১ লাখ ২০ হাজার টাকা দিতে বাধ্য হন।
হামলার ঘটনায় লামা থানায় মামলা করার পর থেকে মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান তিনি। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরদিন রাতেই গুদামঘরে আগুন দেওয়া হয়। ওমর ফারুকের অভিযোগ, প্রাণনাশের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
ঘটনার রাতেই আজিজনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লামা থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।


