ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলা থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাধবী মার্মার নির্বাচনী হলফনামায় উঠে এসেছে সম্পদের বিস্তারিত চিত্র। হলফনামা অনুযায়ী, তাঁর কাছে রয়েছে ২০ ভরি সোনা এবং একাধিক ব্যাংকে জমা আছে প্রায় ১৯ লাখ টাকা।
হলফনামার তথ্য বলছে, হাতে নগদ আছে মাত্র ৫২ হাজার ১৩২ টাকা। তবে ব্যাংকে সঞ্চয় উল্লেখযোগ্য। সোনালী ব্যাংকে জমা ১৪ লাখ ৫৫ হাজার ৫৮ টাকা। অগ্রণী ব্যাংকে সাধারণ হিসাবে ৪ হাজার ৯১০ টাকা ও ডিপিএসে ৭১ হাজার ৯৮৪ টাকা। ট্রাস্ট ব্যাংকে জমা ৬১ হাজার ৮৮১ টাকা এবং একই ব্যাংকে ডিপিএসে আরও ৩ লাখ ২১ হাজার ২৩২ টাকা। এর বাইরে বাড়িতে দেড় লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।
অর্জনকালীন মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ ১৭ হাজার ১৯৭ টাকা। হলফনামায় কোনো স্থাবর সম্পদ, দায় বা সরকারি পাওনার উল্লেখ নেই।
পেশায় আইনজীবী মাধবী মার্মার শিক্ষাগত যোগ্যতা এলএলএম। ১৯৭৭ সালের ২ মার্চ জন্ম নেওয়া এই আইনজীবী দুই কন্যাসন্তানের মা। তাঁর স্বামী বেসরকারি চাকরিজীবী।
উল্লেখ্য, বিএনপিতে কোনো সাংগঠনিক পদ না থাকলেও সদ্য দলে যোগ দিয়েই তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন মাধবী মার্মা। এ নিয়ে দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।


