0
বাঁচানো গেল না। ১৫ দিন ধরে চলা চিকিৎসার লড়াই শেষ পর্যন্ত হার মানল। রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম এলাকায় চিকিৎসাধীন পুরুষ বুনো হাতিটি রবিবার ভোরের দিকে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু সালেহ।
গত ১০ এপ্রিল দীর্ঘদিন ধরে অসুস্থ হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা শুরু হয়েছিল। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ব্যবস্থাপনায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ডুলাহাজারা সাফারি পার্ক ও সিভাসুর যৌথ বিশেষজ্ঞ দল প্রাণপণ চেষ্টা চালিয়ে গিয়েছিল। তবু শেষরক্ষা হলো না।


