রাঙামাটির লংগদুতে রবিবার ভোরে মারা যাওয়া হাতির মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। কারণ মৃত সঙ্গীর পাশ ছাড়ছে না স্ত্রী হাতি। ভোর থেকে একইভাবে দাঁড়িয়ে আছে সে। আশপাশে কেউ গেলেই বিপদের আশঙ্কা থাকায় বন বিভাগের কর্মীরাও কাছে যেতে পারছেন না।
দীর্ঘদিন শারীরিক সংক্রমণে ভোগা হাতিটিকে গত ১০ এপ্রিল থেকে চিকিৎসা দিয়ে আসছিল সিভাসুর একটি চিকিৎসকদল। শেষ রক্ষা হয়নি।
পাবলাখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মৃত হাতিটির পাশে স্ত্রী হাতি দাঁড়িয়ে থাকার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না। স্ত্রী হাতিটি সরে গেলেই মরদেহ উদ্ধার করা হবে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, হাতিরা এভাবে মৃত সঙ্গীর পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করে। এটি তাদের স্বভাবজাত আচরণ।
স্ত্রী হাতিটি স্বেচ্ছায় সরে না গেলে মরদেহ উদ্ধারের কোনো উপায় নেই। বন বিভাগের কর্মীরা তাই শুধু অপেক্ষা করছেন।


