চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন উদ্ধারকারীরা, তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাওয়া কালো রঙের মাইক্রোবাসটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তার আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা না গেলেও তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


