বান্দরবানের আলীকদমের দুর্গম কুরুকপাতায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে আট বছরের এক শিশু। য়ংরাও ম্রো নামের এই শিশু প্রেন্নই শিক্ষালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সোমবার রাতে পৌহমুহুরী এলাকার মরনী পাড়ায় শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, কিছুদিন আগে স্কুল থেকে হামে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছিল সে। চিকিৎসার সুযোগ না থাকা আর পরিবারের আর্থিক অস্বচ্ছলতায় শেষ পর্যন্ত মৃত্যুই হলো তার পরিণতি।
এলাকাটি এতটাই দুর্গম যে মৃত্যুর খবর পৌঁছাতেই লেগে গেছে একদিন। প্রেন্নই শিক্ষালয়ের শিক্ষক উথোয়াইগ্য মারমা বলেন, ‘মঙ্গলবার সকালে জানলাম আমাদের শিক্ষার্থী গতকাল মারা গেছে। এলাকাটি খুবই দূরে, যোগাযোগবিহীন। সেখানে আরও কয়েকটি গ্রামে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে।’
কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গমতা আর চিকিৎসার অভাবেই শিশুটির মৃত্যু হয়েছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হানিফ বলেন, ‘দুর্গমতার কারণে মৃত্যুর খবর পৌঁছাতে দেরি হচ্ছে। জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। দ্রুত পৌহমুহুরী এলাকায় পরিদর্শন করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।’


