লক্ষ্মীছড়িতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পৈশাচিক হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। হামলার শিকার সাংবাদিকের নাম মোহাম্মদ আলী। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশের রাঙামাটি প্রতিবেদক হিসেবে কর্মরত।
খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে তাকে। ছিনিয়ে নেওয়া হয়েছে তার মোবাইল ফোন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকালে উপজেলার ডিপি নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে একদল দুষ্কৃতকারী তার ওপর অতর্কিতে হামলা চালায়। ‘আজম’ নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মিলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন চালানো হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


