তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম বিভাগের অধস্তন আদালত এখন থেকে সরাসরি হাইকোর্টের নজরদারিতে থাকবে। এই বিভাগের পাঁচ জেলার নিম্ন আদালত পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান। প্রধান বিচারপতি সম্প্রতি দেশের আটটি বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য ১৩টি কমিটি পুনর্গঠন করেছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম-১ বিভাগের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি— এই পাঁচ জেলার অধস্তন আদালত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি কুদ্দুস জামানকে। সাচিবিক সহায়তার জন্য একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের অন্যান্য বিভাগেও পৃথক বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি রাজিক আল জলিল, সিলেট বিভাগে বিচারপতি মো. আতাবুল্লাহ এবং চট্টগ্রাম-২ বিভাগে নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ ছয় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি আহমেদ সোহেলকে।
২০২২ সালের জানুয়ারিতে আটটি বিভাগের জন্য আটজন বিচারপতিকে মনিটরিং দায়িত্ব দিয়ে এই কমিটি গঠনের যাত্রা শুরু হয়েছিল। পরে ২০২৩ সালের অক্টোবরে তা বাড়িয়ে ১৩ জনে উন্নীত করা হয়। গত বছরের এপ্রিলে একবার পুনর্গঠনের পর এবার আবার নতুন করে কমিটি ঢেলে সাজানো হলো।


