Home খাগড়াছড়ি খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন, বিশ্বশান্তির বার্তা

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন, বিশ্বশান্তির বার্তা

একই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ-এই ত্রিস্মৃতিকে ধারণ করে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ১১:৪৬

Share

একই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ-এই ত্রিস্মৃতিকে ধারণ করে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা।

শুক্রবার সকালে দীঘিনালার ‘লারমা স্কয়ার’ থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষে মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন এবং বোধি বৃক্ষের নিচে মৈত্রী পানি বর্ষণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সকাল ১০টায় ভিক্ষু সংঘের ধর্মদেশনা শুরু হয়। বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজনও করা হয়েছে।

পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লোকমিত্র স্থবির বলেন, “বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পরিবার, সমাজ, দেশ এবং বিশ্বের মঙ্গলের জন্য বিভিন্ন বিহারে উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীরা বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিস্কার দান এবং বুদ্ধমূর্তি দানসহ নানা ধর্মীয় আচার পালন করেন।”

সেখানে বাংলাদেশসহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। আয়োজকদের আশা, গৌতম বুদ্ধের অহিংসার বাণী প্রচারের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরে আসবে।

এছাড়া খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ার ধর্মরাজীক বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রা বের করে ‘বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ ও পার্বত্য ভিক্ষু সংঘ’। পরে সেটি ‘চেঙ্গী স্কয়ারে’ গিয়ে শেষ হয়।

বৌদ্ধ পুণ্যার্থী অজিত বড়ুয়া বলেন ,“বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ একই দিনে জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ (মৃত্যুবরণ) করেছিলেন। এ কারণে বুদ্ধের ত্রিস্মৃতি দিনটি আমাদের কাছে খুবই জনপ্রিয়। সারাদিন আমরা নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করব।”

ধর্মরাজীক বৌদ্ধ বিহারে আসা প্রজ্ঞা খীসা বলেন, “আমার এখানে বুদ্ধপূজা করেছি; সংঘদান করেছি। এছাড়া পরিবার ও সমাজের কল্যাণ কামনায় প্রার্থনা করেছি।”

পার্বত্য ভিক্ষু সংঘের নেতা লোকমিত্র স্থবির বলেন, “বুদ্ধের অহিংস বাণী সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পরিবর্তে মৈত্রী ও সাম্যের বার্তা ছড়িয়ে পড়বে। সারাবিশ্বে শান্তি ও সকল প্রাণী সুখি হোক এটাই আমাদের প্রত্যাশা।”

সর্বশেষ :

আরও পড়ুন: