বান্দরবানের আলীকদমে হামের প্রকোপ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনসহ মোট ২১ জন শিশু হামের লক্ষণ নিয়ে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান।
তিনি জানান, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে আসছে। কুরুকপাতা এলাকায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম কাজ করছে। দুর্গমতার কথা বিবেচনা করে পাঁচ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে।
উপজেলার দুর্গম কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় জ্বর, সর্দি, কাশি, শরীরে লালচে দাগসহ নানা উপসর্গ নিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা সদর থেকে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় অনেক আক্রান্ত শিশু হাসপাতালে না এসে বাড়িতেই থাকছে। ফলে একজনের শরীর থেকে সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে রোগ।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯ জন।


