Home বান্দরবান দুর্গম আলীকদমে সেনাবাহিনীর টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন: পাঁচ দিনে সাড়ে ৬ হাজার শিশুর টিকা সম্পন্ন

দুর্গম আলীকদমে সেনাবাহিনীর টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন: পাঁচ দিনে সাড়ে ৬ হাজার শিশুর টিকা সম্পন্ন

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে টিকাদান ও চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা পাঁচ দিন উপজেলার কুরুকপাতা ও পোয়ামুহুরীসহ মোট ১৪টি প্রত্যন্ত পাহাড়ি পাড়ায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ১১:৩০

Share

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে টিকাদান ও চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা পাঁচ দিন উপজেলার কুরুকপাতা ও পোয়ামুহুরীসহ মোট ১৪টি প্রত্যন্ত পাহাড়ি পাড়ায় এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এলাকায় মোট ৮ হাজার ২৭৮ জনকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ৫১৩ জনকে টিকা দেওয়া হয়েছে। কুরুকপাতা ইউনিয়নে ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হয়।

এ ছাড়া কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এ ধরনের সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে এবং এটি অন্য এলাকাতেও অনুসরণযোগ্য হতে পারে।

সর্বশেষ :

আরও পড়ুন: