Home রাঙামাটি রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রকাশ : ৪ মে ২০২৬, ০৪:২৪

Share

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সভাপতির সমর্থক ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে জেলা শহরের কাঠালতলীতে বিএনপি কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, কাঠালতলীতে বিএনপির দলীয় কার্যালয় ও এর আশপাশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে নতুন কমিটির সভাপতি মো. অলি আহাদের সমর্থকেরা গাড়িবহর নিয়ে মিছিল করার সময় পদবঞ্চিত নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে সভাপতির সমর্থকেরা পালিয়ে যেতে বাধ্য হন। তবে বেলা তিনটার দিকে অলি আহাদের সমর্থকেরা মিছিল নিয়ে পুনরায় কার্যালয়ের সামনে এলে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ২৩ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতা-কর্মীরা তা বাতিলের দাবিতে সোচ্চার হন। রোববার (৩ মে) সকালে শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঠালতলীতে দলীয় কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কমিটির সভাপতি অলি আহাদ সাজেকের একটি অপহরণ ঘটনায় জড়িত এবং তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁরা আরও জানান, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং জেলা সদরের বাসিন্দা নন। কমিটির বেশির ভাগ সদস্য অছাত্র ও বিবাহিত বলেও তাঁরা অভিযোগ করেন।

সোমবার দুপুর ১২টার মধ্যে কমিটি বিষয়ে কোনো সমাধান না হওয়ায় পদবঞ্চিত নেতা-কর্মীরা পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সর্বশেষ :

আরও পড়ুন: