রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় একটি বিরল প্রজাতির মালায়ন নাইট হিরোন পাখি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ব্যঙছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যঙছড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান। বনবিভাগের সদস্য ওসমান গণি পাখিটি উদ্ধার করে হেফাজতে নিয়ে আসেন। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বনবিভাগের সদস্য ওসমান গণি বলেন, ‘খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। পাচারকারীরা পালিয়ে গেলেও বিরল প্রজাতির পাখিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, উদ্ধার করা পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উদ্ধার হওয়া মালায়ন নাইট হিরোনের বৈজ্ঞানিক নাম Gorsachius melanolophus, যা ‘টাইগার বিটার্ন’ নামেও পরিচিত। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া মাঝারি আকারের এই বকজাতীয় পাখিটি সাধারণত ঘন অরণ্যে বিচরণ করে। কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর জঙ্গলেও এর উপস্থিতি লক্ষ করা যায়।


