কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে এ বছর প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। বুধবার সকালে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের রাঙামাটি শাখার আয়োজনে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কাপ্তাই হ্রদে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত এখন তা কমে গেছে। হ্রদের দূষণরোধে পর্যটন করপোরেশনকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। হ্রদের নাব্যতা রক্ষায় সঠিক সময়ে খনন কাজ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, মৎস্য আহরণকারীরাও কৃষক কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে ঋণ সহায়তা নেওয়া যাবে। চিংড়ি রপ্তানি বাড়াতে এবং মাছের উৎপাদন দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রসহ সরকারি কর্মকর্তারা।


