Home রাজনীতি রাঙামাটিতে তাঁতীদলে অন্তর্দ্বন্দ্ব— ‘বহিষ্কৃত’ নেতা সভাপতি, সই জাল! ‘প্রমাণ করুন, পদত্যাগ করব’ পাল্টা চ্যালেঞ্জ

রাঙামাটিতে তাঁতীদলে অন্তর্দ্বন্দ্ব— ‘বহিষ্কৃত’ নেতা সভাপতি, সই জাল! ‘প্রমাণ করুন, পদত্যাগ করব’ পাল্টা চ্যালেঞ্জ

রাঙামাটিতে বিএনপির অঙ্গসংগঠন তাঁতীদলের কমিটি ঘোষণা ঘিরে অন্তর্দ্বন্দ্ব চলছে। নবগঠিত জেলা পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে একদিকে বাতিলের দাবি, অন্যদিকে কমিটির বৈধতার পক্ষে সাফাই— দলের ভেতরে চলছে তীব্র বিতর্ক।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ১২:৩৮

Share

রাঙামাটিতে বিএনপির অঙ্গসংগঠন তাঁতীদলের কমিটি ঘোষণা ঘিরে অন্তর্দ্বন্দ্ব চলছে। নবগঠিত জেলা পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে একদিকে বাতিলের দাবি, অন্যদিকে কমিটির বৈধতার পক্ষে সাফাই— দলের ভেতরে চলছে তীব্র বিতর্ক।

বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিটির সদস্য মো. জমির উদ্দিন সরাসরি অভিযোগ তোলেন— জেলা নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে বসানো হয়েছে এমন একজনকে, যিনি আগে বিতর্কিত ঘটনায় দল থেকে বহিষ্কৃত ছিলেন। সবচেয়ে গুরুতর অভিযোগ— কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের স্বাক্ষর জাল করা হয়েছে।

পরদিন শুক্রবার রাতে একই কার্যালয়ে মতবিনিময় সভা ডেকে পাল্টা জবাব দিলেন নবগঠিত কমিটির নেতারা। সভাপতি মো. শফি অভিযোগ উড়িয়ে দিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন— প্রমাণ করুন অর্থ লেনদেনে কমিটি এসেছে, সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়েও একই কথা— গণমাধ্যমে তালিকা জমা দিয়ে বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হোক।

কমিটির নেতারা দাবি করেন, কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের সম্মতিতেই কমিটি অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় তাঁতীদলের অফিশিয়াল ফেসবুক পেজেও তালিকা প্রকাশ করা হয়েছে— তাই বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে দাবি তাঁদের।

সভায় উপস্থিত নেতারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সভা শেষে কমিটির সদস্যরা পরস্পরকে মিষ্টিমুখ করান— যেন বিতর্কের মাঝেও উদযাপন থামানো যাচ্ছে না।

সর্বশেষ :

আরও পড়ুন: