রাঙামাটিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সাজেক যাওয়ার গুরুত্বপূর্ণ পথসহ কয়েকটি সড়কে এই আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করা হবে।
ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজ দলের কর্মী হত্যার প্রতিবাদে আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধ পালন করবে তারা।
এর আগে, শনিবার (৯ মে) ভোরে জেলার সাজেক ও দীঘিনালা সীমান্তের মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ওই ইউপিডিএফ কর্মী। নিহত যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। তিনি ইউপিডিএফের (প্রসিত) শুকনাছড়ি এলাকার কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার সকালে দুর্গম শুকনাছড়া এলাকায় কয়েকজন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী অবস্থান নেয়। বিষয়টি আঁচ করতে পেরে হেগেরা চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে হেগেরা চাকমা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যার বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ আমরা জেনেছি। খবর পেয়ে আমাদের সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’


