রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোকালয়ে প্রবেশ করা একটি মায়া হরিণ কুকুরের আক্রমণে মারা গেছে।
রবিবার (১০ মে) সকালে পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে আসা হরিণটি কুকুরের আক্রমণের শিকার হয় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলেই হরিণটির মৃত্যু হয়।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, কুকুরের ডাকাডাকি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি হরিণকে কয়েকটি কুকুর আক্রমণ করেছে। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা এসে মৃত হরিণটি উদ্ধার করে কর্ণফুলী রেঞ্জ কার্যালয়ে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী জানান, বন বিভাগের তথ্যের ভিত্তিতে কাপ্তাই ভেটেনারি সার্জন ডা. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম কর্ণফুলী রেঞ্জে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কুকুরের আক্রমণেই মায়া হরিণটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে বন বিভাগের তত্ত্বাবধানে হরিণটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।


