পার্বত্য চট্টগ্রামকে ‘খেলোয়াড় তৈরির কারখানা’ বলে অভিহিত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রবিবার রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড় থেকে ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, মনিকা, আনাই মগিনীসহ অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে এনেছেন। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী। একই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভা তৈরিতে পার্বত্য মন্ত্রণালয় থেকে নতুন প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনালে বালিকা বিভাগে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় বরকলের জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে লংগদুর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জেতে।


