রোহিঙ্গা ক্যাম্পে থাকেন, অথচ চট্টগ্রামের ঠিকানায় বাংলাদেশি এনআইডি। মেয়ের জন্মসনদ, ব্যাংক চেকবই, পাসপোর্ট। সঙ্গে সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিংগিত, আমেরিকান ডলার। কক্সবাজারে আটক রোহিঙ্গা মো. তোহার ‘দ্বৈত জীবনের’ এই চিত্র উন্মোচন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে উখিয়ার লাম্বাশিয়া ক্যাম্পে তার শেল্টারে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫৩ হাজার বাংলাদেশি টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত ও ৬০০ মার্কিন ডলার। পাশাপাশি পাওয়া যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের জাতীয় সনদপত্র, মেয়ের জন্মসনদ, অনলাইন এনআইডির কপি ও ব্যাংকের চেকবই।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়ার ঠিকানা ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বাংলাদেশি এনআইডি তৈরি করেছিলেন তোহা। ক্যাম্পে মানি লন্ডারিং এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারীরা সন্দেহ করছেন, সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা এবং ভুয়া পাসপোর্ট তৈরির চক্রের মূল হোতা হিসেবেও কাজ করতেন তিনি।
উখিয়া থানার পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, ‘এক রোহিঙ্গার কাছে কীভাবে এসব পেল, কারা তাকে সহযোগিতা করেছে এবং বিদেশি মুদ্রা কোথায় পেল — সব বিষয় নিয়ে তদন্ত করা হবে।’ বিশেষ আইনে মামলা দায়েরের পর তোহাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


