মা মারা গেছেন রাতে। কিন্তু সাত মাসের শাবক তবু ছেড়ে যাচ্ছে না। মায়ের নিথর দেহের পাশে ঘুরছে, ডাকছে, আতঙ্কে চিৎকার করছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মা বন্য হাতির মৃত্যু ঘিরে এমনই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়েছে।
শনিবার রাত পৌনে বারোটার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা এলাকায় হাতিটির মৃত্যু হয়। মৃত্যুর পর প্রায় ১০টি বন্য হাতিকে মৃতদেহের চারপাশে ঘুরতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে গভীর আলোড়ন তৈরি করেছে।
স্থানীয় কৃষক নুর মোহাম্মদ (৬৫) জানান, দুই দিন ধরে দুর্বল ও অসুস্থ হাতিটি তাঁর বাড়ির পাশে পড়েছিল। সঙ্গে ছিল সাত মাসের শাবক। শুক্রবার রাত থেকেই মা ও শাবক ডাকাডাকি করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বন বিভাগকে খবর দেন।
ঈদগাঁ রেঞ্জের কর্মকর্তা উজ্জ্বল কান্তি দাশ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দেওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, পাহাড়ি বনে খাদ্যসংকটের কারণেই হাতিটি দুর্বল হয়ে পড়েছিল। বনে খাবার না পেয়ে বারবার লোকালয়ে চলে আসছে হাতির দল।
এখন সবার উদ্বেগ শাবকটিকে নিয়ে। মা হারানো এই শিশু হাতির নিরাপত্তা ও পরিচর্যায় বন বিভাগের জরুরি পদক্ষেপ চাইছেন স্থানীয় বাসিন্দারা।


