বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি দোকান, বসতঘর ও একটি মসজিদ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার ভোরে বাজারের পশ্চিম পাশের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বসতবাড়ি ও দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। পরে দমকল বাহিনী, স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিলে সকালে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জামছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাই প্রু মারমা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বৈদ্যুতিক শর্টসার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে বলছেন।
সবকিছু হারিয়ে এখন চরম কষ্টে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা।


