পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল উদ্যোগ নিল রাঙামাটি জেলা পুলিশ। শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ এবং সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেজ কার্যক্রম।
উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রাকিব।
পর্যটকদের আস্থা বাড়বে, বললেন মন্ত্রী
অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, রাঙামাটিকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই ডিজিটাল উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কিউআর কোড ও অনলাইন বাস টার্মিনাল চালুর ফলে শুধু ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে না, দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আস্থাও বহুগুণ বাড়বে।
পুলিশ সুপার আব্দুর রাকিব জানান, রাঙামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পর্যটকের সমাগম ঘটে। সমন্বিত ডিজিটাল ব্যবস্থা না থাকায় এতদিন যানবাহন ও চালকদের নজরদারি এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং ছিল। ইতিমধ্যে জেলায় নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি ও সহস্রাধিক চালকের তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উদ্বোধনের পর রাঙামাটি জেলা পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে ‘নো হেলমেট, নো রাইড’ স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়


