টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত সড়কের দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ তুলে গতকাল (১৭ মে) রাতে চট্টগ্রাম মহানগর এনসিপি লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিল। তা প্রতিহত করতে ঘটনাস্থলে মেয়র ডা. শাহাদাত হোসেন অনুসারী নগর বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রনে আসলেও সকাল হওয়ার সাথে সাথে পরিস্থিতি আবার পাল্টে গেছে।
সেই একই জায়গায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে আবার ‘ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অংকন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৮ মে) সকালে নগরীর টাইগার পাস থেকে লালখান বাজার সড়কের দেয়ালে গ্রাফিতি অংকন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ উদ্যোগ প্রচারের আমন্ত্রণ জানিয়ে সোমবার রাত পৌনে ১ টায় (১৮ মে) গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিও পাঠিয়েছে চসিক। তাছাড়া সোমবার এ নিয়ে মেয়র বক্তব্য প্রদান করবেন বলেও জানিয়েছে সংস্থাটি।
জানা যায়, টাইগার পাস-লালখান বাজার সড়কের দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি চসিক কর্তৃক মুছে ফেলার অভিযোগে গতকাল সন্ধ্যায় নগরের টাইগার পাস এলাকায় চসিক কার্যালয়ের প্রবেশমুখের সামনে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে সেখানে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করেছে দলটি।
তবে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে সন্ধ্যা ছয়টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দেয় চসিক।
তবে ওই বক্তব্যের পরও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতা-কর্মীরা। পরে চসিকের আমবাগানমুখী প্রবেশপথের সামনে সড়কে রং দিয়ে বিভিন্ন স্লোগান লেখেন তাঁরা। এমন পরিস্থিতিতে রাত সাড়ে ১০ দিকে ঘটনাস্থলে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
নগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, মেয়র হওয়ার পর থেকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। জুলাই আন্দোলনের স্মৃতিবাহী গ্রাফিতি মুছে সেখানে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন লেখা হয়েছে। আমরা মেয়রকে বলব, আপনার মেয়াদ শেষ, দয়া করে পদ ছাড়ুন।’
তবে এতকিছুর পর একই জায়গায় আবার ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অংকনের আয়োজন করেছে চসিক। সোমবার সকালে এ অংকন কর্মসূচি শুরু হওয়ার কথা। তাছাড়া জুলাই গ্রাফিতি মুছে ফেলা এবং সেখানে ফের ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অংকন নিয়ে আজ বেলা ১১টায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখবেন বলে জানিয়েছে চসিক।


